দাখিল পরীক্ষার ফলাফলে এবছর দেশসেরা হয়েছে ঝালকাঠির এনএস কামিল মাদরাসা। বৃহস্পতিবার ফলাফল ঘোষণাকালে মাদরাসা কর্তৃপক্ষ এ তথ্য জানান।

মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মো. আবদুল কাদির জানান, এ বছর ঝালকাঠি এনএস কামিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় ২৯২ শিক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করে। এর মধ্যে ১৩১ জন পেয়েছে জিপিএ-৫। এছাড়া ১৪৭ জন এ গ্রেড ও ১৪ জন এ মাইনাস পেয়ে উত্তীর্ণ হয়।

দাখিলের ফলাফলে মাদরাসা বোর্ডে এনএস কামিল মাদরাসা দেশের শীর্ষে রয়েছে বলে জানিয়েছেন তিনি।

মাওলানা মুহাম্মদ আযীযুর রহমান কায়েদ সাহেব হুজুর ১৯৫৬ সালে ঝালকাঠির এনএস কামিল মাদরাসাটি প্রতিষ্ঠা করেন। ফলাফলে বিগত বছরের সাফল্য এ বছরও ধরে রেখেছে মাদরাসাটি।