বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম আব্দুল্লাহ বলেছেন, মানবাধিকার ও গনতন্ত্রের পক্ষে এবং স্বৈরশাসনের বিরুদ্ধে কলম ধরাই সাংবাদিকদের কাজ।
বৃহস্পতিবার সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের দ্বিবার্ষিক সম্মলনের উদ্বোধনী অধিবেশনে একথা বলেন তিনি।
এম আবদুল্লাহ বলেন, ‘যুগে যুগে সাংবাদিকরা এইক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা পালন করছেন।’
তিনি বলেন, ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকালে সারা বিশ্বে বিবর্ণ বাংলাদেশের চেহারা ফুটে উঠেছে। দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মৃত্যু পথযাত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ না দেয়া জঘন্যতম মানবাধিকার লঙ্ঘন।’
এই অপরাধের জন্য আইন মন্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলা হতে পারে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, সাংবাদিকসহ দেশের মানুষ কোথাও আজ নিরাপদ নয়। কে কখন গুম খুন হয়ে যেতে পারে এই ভয়ে দেশের মানুষ ভীতসন্ত্রস্ত।
এম আব্দুল্লাহ বলেন, ‘গত ১২ বছরে ৫০ জন সাংবাদিকে হত্যা করা হয়েছে। শত শত নিরীহ লোকজনকে গুম খুন করা হয়েছে।’
কক্সবাজারে পাঁচজনসহ সারাদেশে করোনা মহামারিতে মারা যাওয়া ৬৭ সাংবাদিককে বক্তব্যের মাঝে স্মরণ করেন তিনি।
এম আবদুল্লাহ তার বক্তব্যে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজিকে জেলখানায় নির্যাতনে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবী করেন।
সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী এই অধিবেশনে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল আমিন রোকন, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি মমতাজ উদ্দীন বাহারী, সাংবাদিক নেতা জিএম আশেক উল্লাহ, শামসুল হক শারেক, আনছার হোসেন ও হুমায়ুন সিকদার।






