স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনার টিকার পাশাপাশি দেশে করোনা আক্রান্তদের জন্য যুক্তরাষ্ট্রে তৈরি দুই ওষুধ বাজারজাত করা হয়েছে।
বৃহস্পতিবার মানিকগঞ্জের হিজুলি ডায়বেটিক হাসপাতালে বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, মোট পাঁচ দিন এই ওষুধ খেতে হবে। ৩০টি ট্যাবলেটের দাম হবে ১৬ হাজার টাকা। বেক্সিমকো ফার্মাসিটিক্যাল লিমিটেড নিরমাট্রেলভির (nirmatrelvir) ও রেটিনোভি (retinovir) এই দুইটি ওষুধ বাজারজাত করছে।
তিনি আরো বলেন, ১২ বছরের ঊর্ধ্বে করোনা সংক্রমিত রোগীরা এই ওষুধ সেবন করতে পারবেন।
জাহিদ মালেক বলেন, ’আমার ভ্যাকসিন দিচ্ছি। বুস্টার ডোজ দেয়া হচ্ছে। আমাদের দেশের সংক্রমন এখন বৃদ্ধি পাচ্ছে। আমাদের সতর্ক থাকতে হবে।’
তিনি আরো বলেন, ‘আমরা ৩১ কোটি ভ্যাকসিনের প্রতিশ্রুতি পেয়েছি, যার মধ্যে ক্রয়ও যুক্ত আছে। এরমধ্যে প্রায় ১৭ কোটি ভ্যাকসিন আমাদের হাতে চলে এসেছে। সাত কোটি ভ্যাকসিন প্রথম ডোজ ও পাঁচ কোটি ভ্যাকসিন দ্বিতীয় ডোজে দেয়া হয়েছে।’
জানুয়ারি থেকে নতুন উদ্যোগে করোনাভাইরাসের টিকা কার্যক্রম শুরু করা হবে বলে জানান তিনি। এর অংশ হিসেবে ২০২২ সালে দেশের ১৫ হাজার ওয়ার্ডের ২৮ হাজার বুথের মাধ্যমে টিকা দেয়ার ব্যবস্থা করা হবে।
ডায়বেটিক সমিতির সভাপতি ও মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, পৌর মেয়র রমজান আলী, ডায়বেটিক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, ডায়বেটিক সমিতির সহসভাপতি নীনা রহমান প্রমুখ।
সভায় মুক্তিযোদ্ধাদের জন্য চিকিৎসা ক্ষেত্রে ৫০ ভাগ ও আজীবন সদস্যদের জন্য ২০ ভাগ ছাড় দেয়ার প্রস্তাব পাশ হয়।






