নরসিংদীর শিবপুরে এসএসসিতে জিপিএ-৫ না পাওয়ায় ফাতেমা আক্তার প্রাপ্তি নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলার মাছিমপুর ইউনিয়নের খড়িয়া উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

আত্মহত্যাকারী শিক্ষার্থী ওই গ্রামের নাজমুল হাসান রিকাবদারের মেয়ে।

চলতি বছরের এসএসসি পরীক্ষায় ফাতেমা আক্তার প্রাপ্তি শিবপুর শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশগ্রহণ করেন।

প্রাপ্তির পিতা নাজমুল হাসান রিকাবদার বলেন, ‘আমার মেয়ে প্রাপ্তি পরীক্ষা দেয়ার পর থেকেই বলতো বাবা আমি এ প্লাস পাবো। আজ রেজাল্ট দেয়ার পর আমাকে ফোনে জানায় সে ৪.৭২ পয়েন্ট পেয়েছে। এই রেজাল্টে তার মনটা খারাপ হয়ে পড়ে। বাড়িতে এসে দেখি তার নিজের রুমে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।’

তিনি আরো বলেন, ‘আমার একটি মেয়েই ছিলো, আর একটি প্রতিবন্ধী ছেলে আছে।’

এই বিষয়ে অত্র প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি ও মাছিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হারিস রিকাবদার বলেন, ‘প্রাপ্তি ছাত্রী হিসেবে ভাল ছিলো। তার সাথের বান্ধবীরা অনেকেই জিপিএ-৫ পেয়েছে। কিন্তু সে না পাওয়ায় মনের কষ্টে আত্মহত্যা করেছে বলে ধারনা করছি।’