ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় নবী হোসেন (২০) নামে এক মোটরসাইকেলআরহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন।
শুক্রবার সকাল ১০টার দিকে ঠাকুরগাঁও সদরের রুহিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নবী হোসেন ঘটনাস্থলেই মারা যান। আহত ফরহাদ হোসেনকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত নবী হোসেন রুহিয়া ঘণিবৃষ্টপুর এলাকার আমিরুল ইসলামের ছেলে। আহত ফরহাদ হোসেন ওই গ্রামের ইসমাঈল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ঠাকুরগাঁও থেকে রুহিয়া অভিমুখে আসা এসপি এন্টারপ্রাইজ ট্রাকের সাথে রুহিয়া মুন এনার্জি পাম্প এলাকায় মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আহত নবীকে অটোরিকশা করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্র রঞ্জন রায় দুর্ঘটনার কথা নিশ্চিত করেছেন।



