নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউয়িনের নবনির্বাচিত চেয়ারম্যান ইলিয়াসের এগ্রো মৎস খামারে বিষ ঢেলে প্রায় ৩০ লাখ টাকার মূল্যের মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে ক্ষতিগ্রস্ত খামার মালিক ইলিয়াস চেয়ারম্যান কবিরহাট থানায় অভিযোগ দায়ের করেন।
শনিবার সকালে ক্ষতিগ্রস্ত খামার মালিক ইউপি চেয়ারম্যান ইলিয়াসের সুন্দলপুর ৪ নম্বর ওয়ার্ডস্থ তেতুলতলা বারি পুকুর এলাকায় মৎস খামারে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, গত ২৫ ও ৩১ ডিসেম্বর গভীর রাতে দুর্বৃত্তরা তার খামারের ৩ একরের অধিক আয়তনের ৩টি পুকুরে বিষ ঢেলে দেয়। এতে প্রায় ৩০ লাখ টাকার মাছ মারা যায়।
সদ্য নির্বাচিত ইউপি চেয়ারম্যান ইলিয়াস আরো অভিযোগ করেন, ‘ইউপি নির্বাচনে পরাজিত হয়ে প্রতিহিংসায় কবিরহাট উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন রুমি ও তার দুই সহযোগীসহ ৮-১০ দুর্বৃত্ত আমার মৎস খামারে বিষ ঢেলে দেয়।’
প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করে সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি।
অভিযোগে তিনি আরো বলেন, ‘সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে পরাজিত হয়ে নুরুল আমিন রুমি ও তার লোকজন বেসামাল হয়ে আমার কর্মী-সমর্থকদের বাড়ি-বাড়ি গিয়ে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ করেছে। এ পর্যন্ত একাধিক মিথ্যা মামলা দিয়ে আমার লোকজনকে পুলিশি হয়রানি অব্যাহত রেখেছে। থানায় অভিযোগ দেয়ার পর পুলিশ ক্ষতিগ্রস্ত মৎস খামার পরিদর্শন করেছে।’
এ বিষয়ে জানতে চাইলে করিবরহাট থানার ওসি টমাস বড়ুয়া বলেন, ইলিয়াস চেয়ারম্যান একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।



