বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবি জানিয়েছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল। রোববার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে এক ছাত্র সমাবেশ এ দাবি জানানো হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির উপ-কোষাধ্যক্ষ ও জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ শরীফুজ্জামান শরীফ। এতে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান।

এর আগে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতার নেতৃত্বে একটি বিশাল প্রতিবাদ মিছিল করতে গেলে পুলিশের বাধা পেয়ে পরে সেটি সমাবেশে রূপ নেয়।

এ সময় চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমানসহ জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের ছাত্র নেতৃবৃন্দসহ বিপুল ছাত্রজনতা উপস্থিত ছিলেন।