ঝিনাইদহের শৈলকুপায় ৬নং সারুটিয়া ইউনয়নে নির্বাচনী সহিংসতায় অখিল (৫৫) সরকার নামে আহত আরো এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পুলিশ নিশ্চিত করেছে। এ নিয়ে ইউনিয়নটিতে নির্বাচনী সহিংসতায় তিনজনের মৃত্যু হয়েছে।
অখিল সরকার কিত্তিনগর গ্রামের নিরাপদ সরকারের ছেলে।
শৈলকুপা থানার সেকেন্ড অফিসার উপ পরিদর্শক আমিরুজ্জামান বলেন, গত ৩১ ডিসেম্বর সন্ধায় সারুটিয়ায় আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান মামুন ও আওয়ামী লীগের বিদ্রোহী আনারস মার্কা প্রার্থীর সমর্থকদের কাতলাগাড়ী বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে হারান বিশ্বাস নিহত হন এবং গুরুত্ব আহতাবস্থায় অখিল সরকারকে কুষ্টিয়া মেডিক্যা্ল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার দুপুর ১২টার দিকে অখিল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া ১ জানুয়ারি একই ইউনিয়নের ভাটবাড়িয়া গ্রামে হত্যাকাণ্ডের শিকার হন জসিম নামের এক যুবক।
নিহতরা সবাই নৌকা প্রতীকের সমর্থক বলে জানান চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান।






