গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটি ভোটকেন্দ্রে এক ইউপি সদস্য প্রার্থীর সমর্থককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (৫ জানুয়ারি) বিকেলে সাঘাটা উপজেলার জুম্মাবাড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জুম্মাবাড়ি আদর্শ কলেজ কেন্দ্রের বাইরে এঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবু তাহের (৪০)। তিনি একই ইউনিয়নের মামুদপুর গ্রামের মো: ওমর আলীর ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, বুধবার পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে বিকেলে কেন্দ্রের বাইরে সদস্য প্রার্থী আইজল মিয়ার (টিউবওয়েল) সমর্থক আবু তাহেরের সাথে প্রতিদ্বন্দ্বী সদস্য প্রার্থী রাসেল আহমেদের (পাখা) কর্মী-সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আবু তাহেরকে একা পেয়ে রাসেলের কর্মী-সমর্থকরা ধারালো অস্ত্র কুপিয়ে ও কলা কেটে হত্যা করে।
এ ঘটনার পরপরই কেন্দ্র ও কেন্দ্রের আশপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করে। সেখানে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য।
আবু তাহেরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন।
তবে এ বিষয়ে নির্বাচন সংশ্লিষ্ট কিংবা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।



