কিশোরগঞ্জের কটিয়াদীতে চান্দপুর ইউনিয়নের চান্দপুর পূর্ব পাড়া ও মদিনাচ পাড়া গ্রামে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে ১৭ গরুর মৃত্যু হয়েছে। হঠাৎ করে গরু মৃত্যুর ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। সূত্র জানায়, উপজেলা ডেইরি অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, গরু মারা যাওয়ার আগে মুখ দিয়ে লালা ঝরতে থাকে। আক্রান্ত গরু কোনো খাবার খায় না এবং গরুর মুখ মাটিতে লাগিয়ে ঘসতে থাকে। এক পর্যায়ে আক্রান্ত গরু নিস্তেজ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে।
উপজেলা ভেটেরিনারি সার্জন ডা: মো: নাসির উদ্দিন মুন্সী জানান, গরুগুলো মারা যাওয়ার কারণ এ মুহূর্তে ঠিক বলা যাচ্ছে না। জেলা ও উপজেলার প্রাণিসম্পদ কার্যালয়ের একটি টিম সংশ্লিষ্ট এলাকা হতে আক্রান্ত গরুর নমুনা সংগ্রহ করে ঢাকায় ল্যাবে পাঠানো হয়েছে। নমুনা রিপোর্টের ফলাফল পেলে গরু মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



