দু’পক্ষের দ্বন্দ্বের জেরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কালনা-শংকরপাশা ফেরিঘাটে ফেরি ও ইঞ্জিনচালিত নৌকা চলাচল বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকে। পরে সমঝোতার আশ্বাসে কাশিয়ানী ও লোহাগড়া থানার ওসির হস্তক্ষেপে ফেরি ও নৌকা চলাচল স্বাভাবিক হয়।
সূত্র জানায়, ফেরি ও অন্যান্য নৌযান বন্ধ থাকায় মধুমতি নদীর কালনা-শংকরপাশা উভয়পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। স্থানীয়রা জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কাশিয়ানী উপজেলার জঙ্গলমুকুন্দপুর গ্রামের রুবেল শিকদার ও লোহাগড়া উপজেলার চরকরফা গ্রামের বিপুল সরদারের মধ্যে বিরোধ বাধে। এরই জেরে গত মঙ্গলবার সন্ধ্যায় বিপুল সরদার ফেরিঘাটে কয়েকটা নৌকা চলাচল বন্ধ করে দেন। পরে রুবেল শিকদার ঘটনাস্থলে গিয়ে নৌকা চলাচল স্বাভাবিক করেন। বৃহস্পতিবার সকালে বিপুল সরদার ও তার লোকজন ঘাটে গিয়ে নৌকা চালকদের হুমকি-ধমকি দেন ও নৌকায় লোকজন পারাপার বন্ধ করে দেন। পরে ফেরি কালনাঘাটে গেলে পল্টনে ভিড়তে দেইনি। দীর্ঘ তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এতে ঘাটের উভয়পারে তীব্র যানজটের সৃষ্টি হয়।
কাশিয়ানী থানার ওসি মোহাম্মাদ মাসুদ রায়হান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। এ বিষয় নিয়ে বিকেলে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হবে।
কাশিয়ানী ইউএনও রথীন্দ্রনাথ রায় ফেরি ও নৌকা চলাচল বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার ও লোহাগড়ার ইউএনওর যৌথ প্রচেষ্টায় ফেরি ও নৌকা চলাচল স্বাভাবিক হয়েছে।
দ্বন্দ্বের জেরে কালনাঘাটে বন্ধ ফেরি চলাচল
দু’পক্ষের দ্বন্দ্বের জেরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কালনা-শংকরপাশা ফেরিঘাটে ফেরি ও ইঞ্জিনচালিত নৌকা চলাচল বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত ফেরি...



