টানা তিন বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়ে রেকর্ড করেছেন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক মো. হামিদুল হক মন্নান। ৫ জানুয়ারি সারাদেশে অনুষ্ঠিত ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বোয়ালখালী উপজেলার ১০ নম্বর আহলা করলডেঙ্গা ইউনিয়ন পরিষদের নির্বাচনে জয় লাভ করেন তিনি।
নির্বাচনে আনারস প্রতীকে হামিদুল হক মন্নান ভোট পান ছয় হাজার আট। অপরদিকে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মনসুর আহমেদ বাবুল পান তিন হাজার চার শ’ ৪২ ভোট।
হামিদুল হক মন্নান ২০১১ সালে প্রথমবারের মতো ওই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। পরে ২০১৬ সালে অনুষ্ঠিত নির্বাচনে দ্বিতীয় বার চেয়ারম্যান নির্বাচিত হন।
নির্বাচিত চেয়ারম্যান হামিদুল হক মন্নান বলেন, তার বড় ভাই নজরুল ইসলাম বাচা (দুই সন্তানের পিতা) ১৯৯৭ সালে এই ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে তিনি দ্বিতীয় বার চেয়ারম্যান নিবার্চিত হয়ে দায়িত্ব পালনরত অবস্থায় রাজধানী থেকে ২০১০ সালের ৮ নভেম্বর তিনি অপহৃত হন। গত ১৪ বছর ধরে তার সন্ধান কেউ পাচ্ছেন না।
তিনি জানান, যে সময় তিনি অপহৃত হয়েছিলে তখন তিনি উপজেলা বিএনপির সভাপতি দায়িত্ব পালন করছিলেন। পরবর্তীতে ২০১১ সালে নির্বাচনের ভাইয়ের স্থলে চেয়ারম্যান হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথমবার চেয়ারম্যান নিবার্চিত হন।
তিনি জানান, তার ইউনিয়নে মুসলিমদের পাশাপাশি হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের মোট ভোটারের প্রায় অর্ধেক ভোট রয়েছে। তিনি বলেন, প্রথমবার নিবার্চিত হয়ে এলাকার উন্নয়ন ও মানব সেবায় আন্তরিক ভাবে কাজ করছি। সে কারণে এলাকাবাসী বিপুল ভোটে তৃতীয়বারের মতো তাকে চেয়ারম্যান নিবার্চিত করেছেন।






