চট্টগ্রাম মহানগরী জিইসি এলাকার মোড়ে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনে ৪৫ মিনিট লিফটে আটক পড়েছিলেন ১০ ইন্টার্ন চিকিৎসক। শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনার পর জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে লিফট ভেঙ্গে তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিস।

শনিবার (৮ জানুয়ারি) ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এই তথ্য জানিয়েছে।

নগরীর চন্দনপুরা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো: শহিদুল ইসলাম বলেন, রাতে বিএমএ ভবনের লিফটে আটকে যাওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যায়। পরে লিফটের দরজা ভেঙ্গে তাদের উদ্ধার করা হয়। লিফটটিতে ধারণক্ষমতার অতিরিক্ত জনবল ওঠায় এমন ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস জানায়, বিএমএ ভবনের ওই লিফটে ধারণক্ষমতা ছিল ছয়জনের। শুক্রবার রাত ৯টার দিকে নগরের খুলশীর ইউএসটিসির বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের ১০ জন ইন্টার্ন চিকিৎসক বিএমএ অফিসে যাওয়ার জন্য লিফটে ওঠেন। এসময় লিফটটি নিচে নেমে যায়। অনেক চেষ্টার পরও লিফটের দরজা খুলেনি। পরে ৯৯৯-এ সাহায্য চেয়ে ফোন করেন। একপর্যায়ে চন্দনপুরা ফায়ার স্টেশনের একটি টিম এসে লিফটের দরজা খুলে তাদের উদ্ধার করে।

সূত্র : ইউএনবি