নরসিংদীর ঘোড়াশাল পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি শরীফুল হকের বাসায় দুধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে।
সোমবার ভোর সারে ৪টার দিকে ঘোড়াশাল পাইকসা এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে।
সাবেক মেয়রের পরিবারেরর সদস্যরা জানায়, ভোর রাতে পাঁচ-ছয়জনের একটি ডাকাত দল বাসার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের লোকজনদের জিম্মি করে ফেলে। ডাকাতরা বাসার জিনিসপত্র ভেঙ্গে নগদ এক লাখ টাকা ও ২৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এসময় ডাকাতদের বাধা দিতে গেলে ডাকাতদলের এলোপাতাড়ি কোপে শরীফুল হক মারাত্মকভাবে আহত হন। ঘটনার খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপ, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি শরীফুল হক বলেন, ‘ভোর আনুমানিক ৪টার দিকে হঠাৎ দেখি রুমে মুখোশধারী পাঁচ থেকে ছয় জন দেশীয় রামদা নিয়ে আমাদেরকে জিম্মি করে ফেলেছে। পরে রুমের আলমারি ভেঙে নগদ এক লাখ টাকা ও ২৫ ভরি স্বর্ণ ছিনিয়ে নেয়। আমি বাধা দিতে গেলে ডাকাতদের একজন আমার হাতে ও ঘাড়ে রামদা দিয়ে কোপ দেয়। এতে আমি অচেতন হয়ে পড়ি।’
প্রতিবেশি তানজিরুল হক রনি বলেন, ‘ভোরে চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি শরীফুল হক আহত অবস্থায় পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করি। ’
পলাশ থানার ওসি মো. ইলিয়াস জানান, ’ভোরে পাঁচ থেকে ছয়জনের একটি দল ঘরের জানালার গ্রিল কেটে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এসময় বাধা দিতে গিয়ে সাবেক পৌর মেয়র আহত হন। ঘটনার সিসি টিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যেই জড়িতদের শনাক্তসহ গ্রেফতার করা সম্ভব হবে।’






