রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সাবা (১৪) নামে নবম শ্রেণীতে পড়ূয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সে কুষ্টিয়া শহরের রিপন শেখের মেয়ে ও স্থানীয় স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ী মোড় এলাকায় এ দুঘর্টনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও আহতদের সাথে কথাবলে জানা যায়, নারুয়া ইউনিয়নের বাকসাডাঙ্গী গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে ও স্কুলছাত্রী সাবার মামা সালাউদ্দিনের মোটরসাইকেলে রামদিয়া থেকে নারুয়ার দিকে যাচ্ছিল। বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ী মোড় এলাকায় গেলে পাংশা উপজেলার বহলাডাঙ্গী গ্রামের মকবুল হোসেনের ছেলে নাসির উদ্দিনের মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিনজনই গুরুতর আহত হয়। আহতদের বালিয়াকান্দি হাসপাতালে নেয়া হরে কর্তব্যরত চিকিৎসক স্কুলছাত্রী সাবাকে মৃত ঘোষণা করেন। এ সময় তিনি নাসির উদ্দিনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: হাসমত আলী মিয়া জানান, হাসপাতালে আনার আগেই ওই শিক্ষার্থী মারা গেছে।