সাতক্ষীরার তালায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আরিজুল মোড়ল (৫৫) নামের এক কৃষককে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। নিহত কৃষক তালা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত আক্কাস মোড়লের ছেলে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে কাউকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, গত সোমবার রাত ১১টার দিকে পাশের বাড়ি থেকে দাওয়াত খেয়ে বাড়ি রওনা হন আরিজুল মোড়ল। এরপর রাতে আর বাড়ি ফেরেননি। সকালে স্থানীয় মুসল্লিরা ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় রাস্তার ধারে লাশ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনকে খবর দেয়। নিহতের শরীর ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
কাশিয়াডাঙ্গার স্থানীয় সাবেক ইউপি সদস্য শরিফুল ইসলাম জানান, জমিসংক্রান্ত বিরোধের জেরে তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা ও পাটকেলঘাটা সার্কেল) হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন কুমার রায় জানান, এ ঘটনার মোটিভ উদ্ধারের চেষ্টা চলছে। বিকেল পর্যন্ত এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি।
তালায় কৃষককে পিটিয়ে হত্যা
সাতক্ষীরার তালায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আরিজুল মোড়ল (৫৫) নামের এক কৃষককে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। নিহত কৃষক তালা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের...



