নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে সিরিয়াসভাবে নিয়েছে নির্বাচন কমিশন। রাজধানীর পাশ্ববর্তী হওয়ায় এবং এ নির্বাচন নিয়ে রাজনৈতিক মহল থেকে শুরু করে দেশ বিদেশে বিভিন্ন মহলের কাছে আলোচনার কেন্দ্রবিন্দু হওয়ায় নির্বাচন কমিশন নড়েচড়ে বসেছে। বিশেষ করে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষান্ত এটাই বড় নির্বাচন হওয়ায় গুরুত্ব আরো বেড়েছে।
এদিকে নির্বাচনের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য দুই দিনের সফরে নারায়ণগঞ্জ এসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। মঙ্গলবার বিকেলে সড়কপথে নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা দেন সিইসি।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১২ টায় নারায়ণগঞ্জে নিযুক্ত প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় করবেন তিনি। একই দিন বিকেলেই নির্বাচনে দায়িত্ব পালনরত নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন ভোটগ্রহণ হবে। এবারের মেয়র প্রার্থী নৌকা প্রতীকে সেলিনা হায়াৎ আইভী এবং স্বতন্ত্র তৈমূর আলম খন্দকার। তৈমূর আলম খন্দকারের নির্বাচনী প্রতীক হাতি।
নৌকার পক্ষ থেকে নির্বাচনের মাঠ দাবি করা হলেও স্বতন্ত্র প্রার্থী বলছেন, নারায়ণগঞ্জের এ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই।
অপরদিকে মেয়র প্রার্থী আইভী বলেছেন, নির্বাচন নিয়ে সব প্রার্থীর ভয় থাকে। তবে নাসিক নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।






