বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার আইনের কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেয়ার ক্ষেত্রে আইন নয়, সরকারই বাধা।
তিনি বলেন, নির্বাহী আদেশকে সংশোধন করলেই খালেদা জিয়া বিদেশে গিয়ে উন্নত চিকিৎসা নিতে পারেন। এটি এমন কোনো আইনের বিষয় নয়।
বুধবার (১২ জানুয়ারি) বিকেলে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে শহরের নতুনবাজারস্থ মুনিরা ভবনের মাঠে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে জনসমাবেশ হয়। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
বিএনপির এই নেতা বলেন, ‘খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য সারাদেশের মানুষ সোচ্চার। খালেদা জিয়া যে নির্বাহী আদেশে সাময়িকভাবে মুক্ত, সেই মামলা বানোয়াট এবং তাকে ফরমায়েশি রায়ে সাজা দেয়া হয়েছে। এই সাজা আমরা অবৈধ মনে করি। তাই অবিলেম্বে তার পূর্ণ মুক্তি দাবি করছি।’
তিনি আরো বলেন, ‘বর্তমান সরকার গণতন্ত্রকে হত্যা করছে। এখন যে দেশে আইনের শাসন নেই, মানবাধিকার নেই, তা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বাংলাদেশ গণতান্ত্রিক কনভেনশনে আমন্ত্রিত হয়নি। কারণ আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশকে গণতান্ত্রিক দেশ বলে মনে করে না। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। যে কারণে আমাদের দেশের একটি সংস্থা এবং কিছু ঊর্ধ্বতন কর্মকর্তাকে আমেরিকা থেকে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
ড. খন্দকার মোশাররফ বলেন, ‘এই সরকারকে মানুষ আর দেখতে চায় না। জনগণ আশা করে এই সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপক্ষে সরকারের মাধ্যমে আগামী দিনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। যার মাধ্যমে জনগণ তাদের সরকার প্রতিষ্ঠা করতে পারবে। তাহলে আমরা বিদেশে যে বদনাম কুড়াচ্ছি সেটি থেকে মুক্ত হতে পারবো। দেশের জনগণকে মুক্ত করে তাদের অধিকার ফিরিয়ে দিতে পারবো।’
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মুনির চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি আব্দুস সালাম, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিএনপির নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মো: মোস্তাক মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক সায়েদুল হক সাঈদ প্রমুখ। এসময় চাঁদপুর জেলা বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






