গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নে নিহত আকতার হোসেন গাদমের হত্যাকারীদের হুমকির মুখে তার দুই ছেলে নিরাপত্তাহীনতায় ভুগছে। ঘটনার তিন বছর পরেও সন্তানরা বিচার পায়নি। বুধবার নিহতের দুই সন্তান এক সংবাদ সম্মেলনে হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার, হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং তাদের নিরাপত্তার আবেদন জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিহতের বড় ছেলে নাছির খান বলেন, আমার বাবার সাথে একই এলাকার আবদুস ছামাদ ও তার ছেলে হামিদের জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল। এরই জেরে ২০১৮ সালের ২৬ নভেম্বর সন্ধ্যায় আবদুস ছামাদ ও তার আত্মীয়স্বজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। ঘটনাস্থলেই আমার বাবা ইন্তেকাল করেন। একই ঘটনায় বেলাল হোসেন মারাত্মক আহত হয়েও প্রাণে বেঁচে যান। হত্যা মামলা করা হয় তারপর। পরে এজাহারনামীয় বেশকয়েকজন আসামিকে বাদ দিয়ে চার্জশিট দেয় পুলিশ। এতে বাদি নারাজি আবেদন করলে আদালত মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।