মাদারীপুরে অপহরণের পাঁচ দিন পর ইতালি প্রবাসী কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাত ৯টার দিকে শহরের কলেজ গেট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। তবে এখনো পলাতক রয়েছে প্রধান অভিযুক্ত আফজাল হোসেন শাওন।
স্থানীয় সূত্র জানায়, আত্মীয় মারা যাওয়ার খবর পেয়ে আট বছর পর মা-বাবার সাথে ইতালি থেকে মাদারীপুর শহরের শকুনী এলাকার ফুফুর বাড়িতে বেড়াতে আসে ১৫ বছর বয়সী কিশোরী। গত সোমবার সকালে ফুফুর বাড়ির সামনের সড়ক থেকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে তাকে অপহরণ করে মাইক্রোবাসে তোলে বেশ কয়েকজন যুবক। এরপরই আর কোনো সন্ধান মিলেনি তারা। এ ঘটনায় পরের দিন পাঁচজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো চারজনের নামে সদর মডেল থানায় মামলা করেন মেয়েটির বাবা। পরে অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ।
মাদারীপুর সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম মিঞা জানান, অপহৃত কিশোরীকে মেডিক্যাল পরীক্ষা শেষে আদালতে নেয়া হবে। পরে জবানবন্দী শেষে আদালতের সিদ্ধান্তে পরিবারের কাছে হস্তান্তর করা হতে পারে।