দশম শ্রেণীর শিক্ষার্থী ছেলেকে মোটরসাইকেল কিনে না দেয়ায় মাকে মারধর করে ৩ ভরি গয়নাসহ ৭৬ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছেলে ফেরদৌসের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মা শুকলা বেগম। মামলার প্রেক্ষিতে গত বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে। সেই সাথে গত শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। ফেরদৌস রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের হাটবাড়ীয়া গ্রামের হারুন অর রশিদ।
মামলার বাদি মা জানিয়েছেন, ফেরদৌস মাদকসেবী ও জুয়াড়ি। সে একটি মোটরসাইকেল কেনার জন্য চাপ দিয়ে আসছিল। গত ৩ জানুয়ারি সকালে তিনি ঘুমিয়েছিলেন। সে সময় ওই ঘরে ফেরদৌস প্রবেশ করে এবং তোষকের নিচ থেকে চাবি নিয়ে শোকেসের ড্রয়ারে থাকা ৩ ভরি স্বর্ণালঙ্কার ও ৭৬ হাজার টাকা নিয়ে নেয়। ওই সময় শব্দে তার ঘুম ভাঙলে ফেরদৌসকে দেখতে পান। তিনি তাকে বাধা দিলে ফেরদৌস তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এতে তিনি জ্ঞান হারান। ওই সময় সে স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে পালিয়ে যায়।
রাজবাড়ী থানার এসআই মেজবা উদ্দিন জানান, আদালতের নির্দেশে মামলাটি থানায় রেকর্ড করা হয়েছে। একই সাথে আসামি ফেরদৌসকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।