স্বাস্থ্যবিধি মেনেই জমে উঠেছে মাদারীপুরের পুলিশ লাইন্সে আয়োজিত শিল্প ও বাণিজ্যমেলা। মেলায় অর্ধশতাধিক স্টলে রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চল থেকে রকমারি পণ্যের পসরা নিয়ে এসেছে উদ্যোক্তারা।
করোনা পরিস্থিতিতে হাঁপিয়ে উঠেছে মানুষ। বিনোদনের সুযোগ না থাকায় একঘেয়ে জীবনে ক্লান্ত অনেকেই। এমন পরিস্থিতির মধ্যেই পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) মাদারীপুর জেলা শাখার আয়োজনে পক্ষকালব্যাপী এই মেলা যতই দিন যাচ্ছে ততই জমজমাট হয়ে উঠছে। নির্মল পরিবেশ ও সুন্দর নিরাপত্তা ব্যবস্থায় এই মেলা চলে প্রতিদিন সকল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। করোনা পরিস্থিতির মধ্যেই বিভিন্ন বয়সী মানুষের সমাগমে মুখরিত মেলা প্রাঙ্গণ। খুশি মেলায় আগত দর্শনার্থীরা।
মেলায় দর্শনার্থীরা জানায়, করোনার মধ্যে মেলা হওয়ায় তারা খুশি। প্রায় সব ধরনের পণ্যের হাট বসেছে। বিশেষ করে শিশুরা মেলায় এসে অনেক খুশি। এদিকে মেলার শুরুতেই দর্শনার্থীদের ভিড়ে ভালো লাভের আশা করছে ব্যবসায়ীরা।
গিয়াস উদ্দিন শিকদার নামের এক ব্যবসায়ী বলেন, এ বছর মেলা বেশ জমেছে। আশা করি আমাদের ব্যবসা ভালো হবে।
মেলা কর্তৃপক্ষের প্রধান হারুন মুন্সী বলেন, স্বাস্থ্যবিধি মেনে এবারের মেলা আয়োজন করা হয়েছে। প্রত্যেককে মাস্ক পরা নিশ্চিতে আমাদের স্বেচ্ছাসেবীরা কাজ করে যাচ্ছে। মাসব্যাপী এই মেলায় ক্ষুদ্র কুটির শিল্পের অর্ধশতাধিক স্টল রয়েছে।