সাতক্ষীরা উপকূলে টেকসই বেড়িবাঁধ পুনর্নির্মাণ ও সুপেয় পানির নিশ্চয়তা দাবিতে শ্যামনগরে মানববন্ধন করেছেন স্থানীয়রা। লিডার্সের সহযোগিতায় শ্যামনগর উপজেলা জলবায়ু অধিপরার্শ ফোরাম, উপজেলা যুব ফোরাম ও উপকূল সুরক্ষা আন্দোলন শনিবার সকালে স্থানীয় প্রেস ক্লাব চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
শ্যামনগর উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভাপতি মাস্টার নজরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, সমাজসেবক কুমুদ রঞ্জন গায়েন, যুব ফোরামের সভাপতি মমিনুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে জলবায়ু পরিবর্তনের প্রভাব ক্রমবর্ধমান হারে বেড়ে চলেছে। উচ্চ জোয়ারের প্রভাবে দক্ষিণ-পশ্চিম উপকূলীয় বেড়িবাঁধ ভেঙে লোনা পানিতে মানুষের জীবন-জীবিকা, সম্পদ, খাদ্য, পানি, বাসস্থানসহ অন্যান্য সঙ্কট সৃষ্টি হয়েছে। ২০২১ সালে ২৬ মে সাইক্লোন ইয়াসের প্রভাবে উপকূলীয় এলাকায় উচ্চ জোয়ারের কারণে সাতক্ষীরা ও বাগেরহাট জেলার উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ উপচিয়ে পানি ভেতরে প্রবেশ করে ভয়াবহ ক্ষতি করেছে।