কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নে দুলাল মিয়া নামের এক কৃষককে কুপিয়ে হত্যার অপরাধে মা ও তিন ছেলেসহ ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: সায়েদুর রহমান খান সোমবার (১৭জানুয়ারি) এ রায় দেন।
সাজা পাওয়া ব্যক্তিরা হলেন- করগাঁও ইউনিয়নের বুনা গ্রামের মৃত গোলাপ মিয়ার স্ত্রী মজ্জু বানু (৫৫), তার তিন ছেলে বাচ্চু মিয়া (৩৮), ফেরদৌস মিয়া (২৮) ও সাদেক মিয়া (২৭)। একই গ্রামের আব্দুল মান্নান খানের ছেলে জুবায়ের (২৮), আব্দুল মন্নাফ খানের ছেলে ফারুক মিয়া। তাদের মধ্যে বাচ্চু মিয়া পলাতক রয়েছে। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত ওই মামলার তিনজনকে বেকসুর খালাস দিয়েছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণী ও আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ২৬ জুন কৃষক দুলাল মিয়ার সাথে পূর্ব শত্রুতার জেরে আসামিরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে। রক্তাক্ত অবস্থায় তাকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই দিন নিহতের স্ত্রী নাজমা আক্তার ১০ জনকে আসামি করে কটিয়াদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা ৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। আদালত দীর্ঘদিন শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার রায় দেন। রায়ের পর আদালতে উপস্থিত পাঁচজনকে কারাগারে পাঠানো হয়েছে।



