নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বনভোজনগামী যাত্রীদের গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাতে এই ঘটনা ঘটে বলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সূত্রে জানা যায়।

গণপিটুনিতে নিহত ওই যুবকের নাম মো. আবু সুফিয়ান (৩৫)। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি পশ্চিমপাড়া এলাকার মৃত গোলজার হোসেনের ছেলে।

এই ঘটনায় নিহত আবু সুফিয়ানের চাচা জজ মিয়া বাদী হয়ে বনভোজনগামী যাত্রী এবং ওই বাসের চালক, হেলপারসহ অজ্ঞাতনামা ২০/২৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে দশটায় আবু সুফিয়ান (৩৫) এবং তার বন্ধু অনিক সরকার হৃদয় (২৪) মোটর সাইকেল যোগে সাইনবোর্ড হতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় মোটরসাইকেলটিকে সি.ডি.এম ট্রাভেলস (ঢাকা-মেট্রো ব- ১৪-৪৬৪৯) এর একটি বাস চাপ দেয়। এই সময় সুফিয়ান ও তার বন্ধু হৃদয় কোনোরকমে নিজেদের রক্ষা করেন। পরে তারা কিছুদুর এগিয়ে বাসটির গতিরোধ করেন। এসময় বাসের চালক, হেলপারসহ বনভোজনগামী যাত্রীদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা।

বাকবিতণ্ডার এক পর্যায়ে বনভোজনের যাত্রী এবং বাসের চালক ও হেলপারসহ ২০/২৫ জন সুফিয়ান ও হৃদয়কে গণপিটুনি দেন।

মামলায় আরো উল্লেখ করা হয়, গণপিটুনির এক পর্যায়ে সুফিয়ানকে গলায় পা দিয়ে চাপ দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এইসময় তাদের আর্তচিৎকারে আশেপাশের লোকজন এবং হাইওয়ে পুলিশ এগিয়ে আসলে অন্যরা সবাই পালিয়ে যান। পরে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিলে সেখান থেকে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সুফিয়ানকে মৃত ঘোষণা করেন।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম এই বিষয়ে বলেন, ‘বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানাড়পাড় এলাকায় সুফিয়ান নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় নিহতের চাচা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। দোষীদের খুজে বের করার চেষ্টা চলছে।’