নীলফামারীর সৈয়দপুরে গলায় ওড়না পেঁচানো সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় সানজিদা আকতার কনা (২০) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে।

মৃত ওই কিশোরী একজন বিউটি পার্লার কর্মী ছিল।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের নতুন বাবুপাড়া শহীদ নুর মোহাম্মদ লেন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কনা ওই এলাকার অবসরপ্রাপ্ত রেলওয়ে হাসপাতাল কর্মচারী মো: শফিকুল ইসলাম গোফ্ফারের মেয়ে। তিন বোনের মধ্যে কনা সবার ছোট।

পরিবারের দাবি, সে আত্মহত্যা করেছে। কিন্তু কি কারণে করেছে সে ব্যাপারে কেউ কিছু বলতে পারছে না।

কনার মা ফুলমনি জানান, সকালে কাজের প্রয়োজনে আমরা বাইরে গেলে বাড়িতে কনা একাই ছিল। বেলা সাড়ে এগারটার দিকে বাসায় ফিরে দেখি মেয়ের ঘরের দরজা ভেতর থেকে আটকানো। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পাওয়ায় প্রতিবেশীদের ডেকে এনে দরজা ভেঙে দেখি কনা গলায় ওড়না পেছানো অবস্থায় সিলিং ফ্যানের সাথে ঝুলছে।

পরে দ্রুত তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নেয়ার অনেক আগেই কনার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে চিকিৎসক। খবর পেয়ে পুলিশ উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল হাসনাত খান জানান, লাশ ময়নাতদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানো হবে। তদন্ত রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আপাতত একটি ইউডি মামলা নথিভুক্ত করা হবে।