নিখোঁজেরে দু’দিন পর শেরপুরের নালিতাবাড়ী উপজেলার একটি খাল থেকে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাকরকান্দি ইউনিয়নের সোহাগপুর গ্রামের ঝিকমারি খাল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে । নিহত শিক্ষার্থীর নাম কাজলী বেগম (১০)। সে সোহাগপুর গ্রামের কাওসার আহমেদের মেয়ে এবং সোহাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেল ৪টা থেকে কাজলী নিখোঁজ ছিল। এরপর পরিবারের লোকজন ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে মেয়েটির কোনো সন্ধান পাননি। পরে বুধবার কাজলীর সন্ধান চেয়ে এলাকায় মাইকিং করা হয। মেয়েকে খুঁজে না পেয়ে তার বাবা বুধবার সন্ধ্যায় নালিতাবাড়ী থানায় জিডি করেন। পরে রাত থেকেই প্রশাসনের হস্তক্ষেপে খোঁজাখুঁজি শুরু করেন গ্রাম পুলিশের সদস্যরা। বৃহস্পতিবার সকালে তারা বাড়ির আশপাশে খোঁজার সময় ঝিকমারি খালে তার লাশ পানিতে ভাসতে দেখে পরিবারকে খবর দেন ।
নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বাদল বলেন, লাশের গলার দুই পাশে দু’টি কালো দাগ দেখা গেছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছিল।



