কুড়িগ্রামের রৌমারী উপজেলার সরকারি খাদ্য গুদামে রাতের অন্ধকারে খাবার অযোগ্য চাল ঢোকানোর অভিযোগে ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মোর্শেদ আলমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার রংপুরস্থ আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সালাম তাকে সাময়িকভাবে বরখাস্তের আদেশ দেন। সেই সাথে পার্শ্ববর্তী রাজিবপুর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিককে অতিরিক্ত দায়িত্ব হিসেবে রৌমারী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়েছে। রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান বিষয়টি নিশ্চিত করেছেন।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান জানান, গুদামের বাইরে তখন ঢোকানোর অপেক্ষায় ছিল ৭৭ বস্তা চাল। এ খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে গুদামে ঢোকানো ১৭৩ বস্তা চাল ও আগে থেকে রক্ষিত ১৯ টন চালসহ ১ নম্বর গুদাম সিলগালা করা হয়।