মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে রোববার সন্ধ্যা ৬টায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ অর্ধশতাধিক বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় চার-পাঁচটি দোকান, একটি নির্বাচনী ক্যাম্প ও একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী ৩১ জানুয়ারি মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনের প্রচারণাকালে দুই চেয়ারম্যান প্রার্থী বাবুল আখতার ও খলিলুর রহমান দর্জির সমর্থকদের মধ্যে মন্টারপুল এলাকায় ব্যাপক সংঘর্ষ হয়। এতে একজন পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়। এ ছাড়াও ঝিদকরহাটির গ্রামে সাজ্জাত হোসেন খানকের বাড়িতে চেয়ারম্যান প্রার্থী বাবুল আখতার উঠান বৈঠক করতে গেলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী খলিলুর রহমান দর্জির সমর্থক তবারেক খান, নিক্সন খান, বাদল ফকিরের লোকজন হামলা করে। এ সময় হামলাকারীরা রিপন খানের বাড়িঘরে ইটপাটকেল ছুড়ে ও ভাঙচুর করে।
মাদারীপুর সদর থানার ওসি কামরুল ইসলাম মিঞা বলেন, ঘটমাঝিতে দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অভিজিত দে নামে একজন কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।