নওগাঁয় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এন এস আইয়ের তথ্যের ভিত্তিতে ডিবি ও এনএসআইয়ের যৌথ অভিযানে ১১৬ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তিসহ পাচারচক্রের দুই সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি।
বুধবার সদর উপজেলার কোমাইগাড়ি এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুস সালামের বাড়ির ছাদ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫০ কোটি টাকা।
আটককৃতরা হলেন, কোমাইগাড়ি এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুস সালাম ছেলে মমিনুল ইসলাম মিলন (৩৮) ও মিরাজুল ইসলাম (২৮)।
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সামসুদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ও এনএনআই এর যৌথ অভিযানে কোমাইগাড়ি এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যে আব্দুস সালামের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ির ছাদ থেকে ১১৬ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করা হয়। আটক করা হয় পাচারকারী চক্রের ওই দুই সদস্যকে।
তাদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।



