মানিকগঞ্জের সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের নতুন ইরতা গ্রামে একই রাতে পাশাপাশি দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। গত বুধবার গভীর রাতে গ্রামের নূরুদ্দিন ও প্রবাসী শাকিল খানের বাড়িতে ডাকাতি হয়। লুটে নেয়া হয় স্বর্ণালঙ্কার ও টাকাসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল।
ডাকাতির শিকার পরিবারদ্বয়ের সাথে কথা বলে জানা গেছে, রাত ১টায় ৮/১০ জন সশস্ত্র ডাকাত প্রথমে নূরুদ্দিনের বাড়িতে হানা দেয়। অস্ত্রের মুখে জিম্মি করে নূরুদ্দিন,তার স্ত্রী ও ১০ বছর বয়সী ছেলেকে হাত-পা ও চোখ বেঁধে মারধর করে আলমারি ভেঙে স্বর্ণালঙ্কার ও ৭৩ হাজার টাকা লুটে নেয়। কৌশলে গৃহকর্তার স্ত্রী জানালা খুলে চিৎকার দিলে ডাকাতদল সটকে পড়ে। এর দেড় ঘণ্টা পর ডাকাতদল পাশের প্রবাসী শাকিল খানের বাড়িতে হানা দেয়। সেখানেও প্রবাসীর স্ত্রী মর্জিনা বেগমকে কুপিয়ে জখম করে। তার মেয়ের কানের দুল ছিনিয়ে নেয়। সেই সাথে আলমারি ভেঙে লুটে নেয় স্বর্ণালঙ্কার ও ৫০ হাজার টাকা।
সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) রেজাউল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনার কিছুক্ষণ পরই সেখানে গিয়েছিল, কাউকে গ্রেফতার করতে পারেনি।