নরসিংদীর মনোহরদীতে সুস্থ স্ত্রীকে বাকপ্রতিবন্ধী দেখিয়ে প্রতিবন্ধীভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে মনিরুজ্জামান মনু নামের এক ইউপি সদস্যের বিরুদ্ধে। মনিরুজ্জামান উপজেলার দৌলতপুর ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য। তার স্ত্রী শারমিন আক্তার সখিনা বাকপ্রতিবন্ধী হিসেবে তালিকাভুক্ত হয়ে এই ভাতাদি উত্তোলন করছেন। উপজেলা সমাজসেবা কার্যালয়ের জরিপে ওই সুস্থ নারীকে প্রতিবন্ধী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়রা এ বিষয়ে নরসিংদী জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মনিরুজ্জামান মনু ভুয়া তথ্য দিয়ে নিজ পরিবারের সদস্যদের নামে বিভিন্ন সরকারি সুবিধা ভোগ করছেন। তার সুস্থ স্ত্রীর নামে বাকপ্রতিবন্ধী ভাতার পাশাপাশি ভিজিডি কার্ড করে প্রতি মাসে ৩০ কেজি সরকারি চালও উত্তোলন করে আসছেন।
অভিযুক্ত ইউনিয়ন পরিষদ সদস্য মনিরুজ্জামান মনু বলেন, আমার স্ত্রী প্রকৃতপক্ষে একজন প্রতিবন্ধী। এলাকার কিছু লোক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
মনোহরদী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনির হোসেন বলেন, আমার আগের কর্মকর্তার সময় মনিরুজ্জামান মনু মেম্বারের সুস্থ স্ত্রীর নামে প্রতিবন্ধী ভাতার কার্ড করা হয়েছিল। অভিযোগ পাওয়ার পর ওই নারীর নাম তালিকা থেকে বাদ দেয়া হয়েছে।



