নওগাঁর রাণীনগরে পৃথক অভিযান চালিয়ে এলাকার আলোচিত মাদক ব্যবসায়ী সোনামুল খন্দকারকে (৩৭) গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় তার কাছে থাকা আড়াই লাখ টাকা মূল্যের হেরোইন ও ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়।

এছাড়া এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি কুমেল প্রামাণিক (৩৭) ও ১৫ পিস নেশা জাতীয় অ্যাম্পলসহ রাব্বি মণ্ডল (২৮) নামে অপর একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, এলাকার আলোচিত মাদক ব্যবসায়ী ও মাদক মামলার পলাতক আসামি সোনামুল খন্দকার উপজেলার পাগলির মোড় এলাকায় মাদক বিক্রি করছে - এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে আড়াই লক্ষাধিক টাকা মূল্যের ২৫ গ্রাম হেরোইন, ১০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ দুই হাজার টাকা উদ্ধার করা হয়।

সোনামুল খন্দকার উপজেলার দূর্গাপুর গ্রামের সমতুল খন্দকারের ছেলে। এ পর্যন্ত তার বিরুদ্ধে মাদক, মারপিটসহ ১২টি মামলা রয়েছে।

অপরদিকে শুক্রবার দুপুরে উপজেলার চকের ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিস নেশা জাতীয় অ্যাম্পলসহ রাব্বিকে আটক করা হয়। রাব্বি উপজেলার চকবলরাম গ্রামের হেলাল মণ্ডলের ছেলে। দুপুরেই তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে। এছাড়া একটি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি কুমেল নিজ বাড়ীতে অবস্থান করছে এমন সংবাদে এদিন বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কুমেল উপজেলার খাজুরিয়া পাড়া গ্রামের ইসমাইল প্রামাণিকের ছেলে। গ্রেফতার তিন জনকেই সন্ধ্যায় আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি শাহিন আকন্দ।