শেরপুরের নালিতাবাড়ীতে কাটুনে মোড়ানো অবস্থায় দুই নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ জানুয়ারি) দুপুর উপজেলার গাগলাজানি খরাঘাট ব্রিজের নিচ থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, জনৈক জেলে সকালে খরাঘাট ব্রিজের নিচে মাছ ধরছিলেন। একপর্য়ায়ে দুপুর ১টার দিকে পানির নিচে কাটুনের মতো কিছু হাতে লাগলে ডাঙায় তুলে নেন। তিনি কাটুন খুলে দুটি মৃত নবজাতকের লাশ দেখতে পান। এ সময় নবজাতকের লাশ আছে বলে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে। লাশগুলো এক নজর দেখতে গ্রামবাসী রাস্তা ও ব্রিজে ভিড় করে। স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করলে তারা ঘটনাস্থল পরিদর্শন করে লাশ দুটি উদ্ধার করে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, কে বা কারা লাশটি ফেলে গেছে, তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, শুক্রবার গভীর রাতে কেউ লাশটি ফেলে রেখে যায়। লাশটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য শেরপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।