শেরপুরের নালিতাবাড়ীতে কার্টনে মোড়ানো দুই নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে উপজেলার গাগলাজানি খরাঘাট ব্রিজের নিচ থেকে লাশ দুইটি উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানান, গাগলাজানি গ্রামের এক জেলে সকালে খরাঘাট ব্রিজের নিচে মাছ ধরছিলেন। একপর্যায়ে বেলা ১টার দিকে পানির নিচে কার্টনসদৃশ্য বস্তু হাতে লাঘলে তা ডাঙায় তুলেন। পরে কার্টন খুলে দুই নবজাতকের লাশ দেখতে পান তিনি। পরে লাশ দু’টি দেখতে গ্রামবাসী রাস্তা ও ব্রিজে জটলা সৃষ্টি করে। স্থানীয়রা বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নবজাতকের লাশ দুইটি উদ্ধার করে।
নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বাদল জানান, কে বা কারা লাশ ফেলে গেছে, তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, শুক্রবার গভীর রাতে কেউ লাশ ফেলে গেছে। লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য শেরপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।