সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্কাউক সংগঠক বিশিষ্ট রাজনীতিবিদ, বর্ষীয়ান নেতা অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী (৮০) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার রাত ১২টা ২০ মিনিটে সিলেটের বেসরকারি হাসপাতাল মাউন্ড অ্যাডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

ইকবাল আহমদ চৌধুরী উপজেলার ফুলবাড়ি ইউপির রফিপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত মুহিবুর রহমান চৌধুরীর ছেলে। ইকবাল চৌধুরী তার দুই ছেলে ও সহধর্মীকে হারিয়ে একাকি জীবন কাটিয়ে দীর্ঘদিন জনগণের সেবক হিসেব কাজ করে গেছেন। তার মৃত্যুর সংবাদ শুনে শোকাহত জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ উপজেলার সর্বস্তরের জনতা।

সাবেক শিক্ষামন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক রফিক আহমদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনুসুর আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, গোলাপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আব্দুল আহাদ প্রমুখ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।