চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে প্রাণনাশের হুমকি ও প্রচার-প্রচারণায় বাধা প্রদানের অভিযোগ পাওয়া গেছে। স্বতন্ত্র প্রার্থী মঈন উদ্দীন হাসান নৌকার প্রার্থীর লোকজনের বিরুদ্ধে এ অভিযোগ এনেছেন।

তার ওপর হামলাসহ তার নির্বাচনী পোস্টার লাগাতে বাধা প্রদানেরও অভিযোগ এনছেন তিনি।

এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী গত শনিবার রিটার্নিং অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের সূত্রে জানা যায়, গত ২৩ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর স্বতন্ত্র প্রার্থী (আনারস) প্রতীক নিয়ে নির্বাচনী এলাকায় প্রচারণায় নামলে কাঞ্চনা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও নৌকা প্রতীকের প্রার্থী রমজান আলীর প্ররোচনায় তার মেঝ ও ছোট ছেলের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে প্রচারণা ও পোস্টার লাগাতে বাধা প্রদান করে এবং ইউনিয়নের বিভিন্ন স্থানে লাগানো পোস্টার ছিঁড়ে ফেলে।

এছাড়া তারা বসতঘরে গিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে এবং স্বতন্ত্র প্রার্থীকে প্রাণনাশেরও হুমকি দেয়। নৌকার প্রার্থী রমজান আলী ক্রমাগত তাকে প্রাণনাশের হুমকি, বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করছেন। বর্তমানে তিনি ও তার পরিবারের সদস্য এবং কর্মী সমর্থকরা চরম নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করেন।

তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অভিযোগের বিষয়ে নৌকার প্রার্থী রমজান আলী জানান, আমার ও আমার ছেলেদের বিষয়ে যে অভিযোগ করা হচ্ছে তা হাস্যকর। মূলত স্বতন্ত্র প্রার্থী মঈন উদ্দিন হাসানের এলাকায় কোনো জনপ্রিয়তা না থাকায় সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য তিনি এসব করছেন।

এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা অরুন উদয় ত্রিপুরা জানান, কাঞ্চনার স্বতন্ত্র প্রার্থী মঈন উদ্দিন হাসানের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।