লক্ষ্মীপুরের রামগঞ্জে কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবনকে অনুষ্ঠানে অতিথি না করায় পুলিশ প্রশাসনের সাথে অশোভন আচরণ করেছেন বলে অভিযোগ উঠেছে। রোববার রাতে রামগঞ্জ পৌরসভার মেয়রের নামে অনুষ্ঠিত মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় রামগঞ্জ যুবলীগ দুই পয়েন্টে লামচর টাইগার্স ক্লাবের কাছে হেরে যায়। এ সময় অনুষ্ঠান স্থলে উপস্থিত হয়ে যুবলীগ নেতা পবন তাকে অতিথি না করায় অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সাথে অশোভন আচরণ করতে থাকেন। অনুষ্ঠানে চেয়ারে বসা রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: এমদাদুল হককে গালমন্দ করেন। চেয়ার থেকে উঠে গিয়ে তাকে বসতে দিতে বলে। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ এবং বিশেষ অতিথি পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান তাকে গ্রেফতার করতে বললে পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর অনুরোধে পবনকে ছেড়ে দেয়া হয়। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ আগত অতিথিরা অনুষ্ঠানস্থল ত্যাগ করে চলে যান। এ ঘটনায় রামগঞ্জ উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের একাংশ পবনের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে। এ ঘটনায় প্রশাসনের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এদিকে খেলায় অতিথি না করাকে কেন্দ্র করে কেন্দ্রীয় যুবলীগের পেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সাথে অশোভন আচরণ করায় তাকে বহিষ্কার ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সোমবার বিকেলে রামগঞ্জ পৌরসভা থেকে এরশাদ হোসেন সড়ক পর্যন্ত রাস্তার দুই পাশে প্রায় দুই ঘণ্টাব্যাপী অবস্থান করে তারা এই মানববন্ধন পালন করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ ক ম রুহুল আমিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক সৈকত মাহমুদ সামছু, পৌর যুবলীগের আহ্বায়ক মামুন আকন্দ, বিআরডিবির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ভূঁইয়া সুমন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি লেদু মাল, সাধারণ সম্পাদক লিটন হাজারী, যুবলীগ নেতা ইউপি চেয়ারম্যান জাবেদ হোসেন, ইউপি চেয়ারম্যান ফয়েজ উল্যাহ জিসান, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফায়সাল মাল, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভ, পৌর ছাত্রলীগের আহ্বায়ক মিলন আটিয়া, যুগ্ম আহ্বায়ক অপু মালসহ কয়েক হাজার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী।
রামগঞ্জ পৌরসভার মেয়র মো: আবুল খায়ের পাটওয়ারী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এটা আসলে দুঃখজনক ঘটনা। এ ঘটনায় আমি ও অতিথিরা বিব্রত। পরে অতিথিরা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: এমদাদুল হক জানান, হাবিবুর রহমান পবনের এ সব অশোভন আচরণের কারণে অতিথিরা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে পবন তাকে অতিথি না করায় মাতালেরর মতো আচরণ করতে থাকেন।



