বরগুনার তালতলীতে খেলতে গিয়ে রশিতে গলায় ফাঁস লেগে মো. ইছা (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে তালতলী উপজেলার কচুপাত্রা গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের আল আমিন হাওলাদারের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার সময় ঘরের পেছনের গাছের সাথে টানানো রশি নিয়ে খেলছিল মো. ইছা ও তার জমজ ভাই মুছা। একপর্যায়ে ওই রশি মো. ইছার গলায় পেঁচিয়ে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্বজনরা শিশুটিকে উদ্বার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শিশুর খালু মো. মাহতাব তালুকদার বলেন, জমজ দুই ভাই ঘরের পেছনে দোলনায় খেলছিল। ওই দোলনার রশি গলায় পেঁচিয়ে মো. ইছা মারা গেছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ মার্জিয়া আক্তার বলেন, শিশুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে। তবে তার গলায় ফাঁসের চিহ্ন রয়েছে।

তালতলী থানার (ওসি) সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।