ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রে ভোট গ্রহণকারী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা ও নির্বাচনী সরঞ্জাম ছিনতাই চেষ্টা মামলায় পরাজিত সাধারণ সদস্য (মেম্বার) পদের প্রার্থী শাহ আলমকে আটক করেছে রুহিয়া থানা পুলিশ।

বুধবার রুহিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) চিত্তরঞ্জন রায় এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মঙ্গলবার রাতে রুহিয়া থানার রাজাগাঁও ইউনিয়নের দক্ষিণ আসান নগর গ্রাম থেকে পুলিশ শাহ আলমকে গ্রেফতার করে।

তিনি জানান, দক্ষিণ আসান নগর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহিংসতার ঘটনায় সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তা তৌকির আহমেদ বাদি হয়ে থানায় একটি মামলা করেন। ওই মামলায় শাহ আলমসহ অজ্ঞাত ৫০০ জনকে আসামি করা হয়। মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়। পরে বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, শাহ আলমকে গ্রেফতারের পর থেকে আতঙ্কে রয়েছেন ওয়ার্ডের কয়েকটি গ্রামের মানুষ। এতে থমথমে অবস্থাসহ গ্রামজুড়ে লোক সমাগম শূন্য হয়ে গিয়েছে।

উল্লেখ্য, চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউপি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যার পর ইউপির দক্ষিণ আসাননগর কেন্দ্রে ভোট গ্রহণ ও গণনা শেষে ফল ঘোষণা করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফল ঘোষণার পর ভোট গণনা সুষ্ঠু হয়নি বলে গুজব ছড়িয়ে সদস্য প্রার্থী ও রাজাগাঁও ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহ আলম (ফুটবল প্রতীক) ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী মোছা. লিপি বেগমের (হেলিকপ্টার প্রতীক) প্রায় পাঁচ শ’ সমর্থক কেন্দ্রে হামলা করেন।

ইটপাটকেল ও লাঠি নিয়ে হামলা করে তারা ব্যালট বাক্স, ব্যালট পেপার, ফলাফল শিট ও পুলিশ-আনসার সদস্যদের অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। এই সময় ভোট কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্যরা কেন্দ্রের ভেতর আশ্রয় নিয়ে দরজা-জানালা বন্ধ করে দেন।

একপর্যায়ে দরজা ভেঙে হামলাকারীরা প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও পুলিশ সদস্যদের মারধর করে। সে সময় আত্মরক্ষায় পুলিশ একটি গুলি ছোড়ে। এতে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলে ভোট কর্মকর্তারা পুলিশকে সঙ্গে নিয়ে উপজেলা সদরের দিকে রওনা দিলে হামলাকারীরা আবারও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালান ও ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। আত্মরক্ষায় পুলিশ সে সময় ১৯টি গুলি ছোড়ে। এতে দক্ষিণ আসাননগরের বাসিন্দা হামিদুর রহমান (৬৫) নিহত হন। আহত হন আবু কালাম (৩২) নামের আরেক ব্যক্তি।