দিনাজপুরের ফুলবাড়ীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মিনি পিকআপের চালক ও হেলপার নিহত হয়েছেন। এতে ওই পিকআপের আরো তিনজন আহত শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার ভোর ৬টায় দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক সড়কের ফুলবাড়ীস্থ ফকিরপাড়া এলাকার ব্র্যাকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন - দুর্ঘটনা কবলিত মিনি পিকআপের চালক ও চাঁপাইনবাবগঞ্জের গোমোস্তফাপুর উপজেলার আড্ডা গ্রামের রফিকুল ইসলামের ছেলে খায়রুল ইসলাম (৩০) ও হেলপার একই জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট গ্রামের এনামুল হকের ছেলে মো: মামুন (২৮)।

গুরুতর আহতরা হলেন - ওই পিকআপের শ্রমিক নবাবগঞ্জ উপজেলার হিলিরডাঙা হঠাৎপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে আজিবর রহমান (৩৫), পার্বতীপুর উপজেলার আকন্দপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে তসকিব (৪০) ও একই উপজেলার মধ্যপাড়া শুকুরডাঙা গ্রামের আদম আলী (৪৫)।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, ঝড়বৃষ্টির কারণে প্রতিকূল আবহাওয়ার মধ্যে কুলবরই দিনাজপুরে আনলোড করে চাঁপাইনবাবগঞ্জে ফেরার পথে শুক্রবার ভোর ৬টায় ফুলবাড়ীস্থ ফকিরপাড়া ব্র্যাকের আঞ্চলিক কার্যালয়ের সামনে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত যানের ধাক্কায় এই মর্মান্তিক দুর্ঘনাটটি ঘটে। এতে ঘটনাস্থলেই চালক খায়রুল ইসলামের মৃত্যু হয়। পরে স্থানীয়রা হেলপারসহ আহত চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক হেলপার মামুনকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে গুরুতর আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করা হয়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আশ্রাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পিকআপটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে, নিহতদের বিষয়ে কোনো অভিযোগ না থাকায় লাশ দুটো ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।