ইউপি নির্বাচনে ভোট দিতে নিয়ে যাওয়ার কথা বলে গৃহবধূকে ধর্ষণকারী সেই রিকশাচালককে গ্রেফতার করেছে পুলিশ। চাটখিলের ধর্ষণ মামলার পলাতক আসামি গোলাম সরোয়ারকে শুক্রবার রাতে নারায়ণগঞ্জ বন্দর থানাধীন ইস্পাহানী ফকিরবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

চাটখিল থানা পুলিশ নারায়ণগঞ্জ বন্দর থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করে।

গ্রেফতার রিকশাচালক গোলাম সরোয়ার চাটখিল উপজেলার ইটপুকুরিয়া গ্রামের মৃত ছালেহ আহমদের ছেলে।

চাটখিল থানার ওসি আবুল খায়ের জানান, গত ২৬ ডিসেম্বর ইউপি নির্বাচনের দিন ধর্ষণের শিকার গৃহবধূকে ভোটকেন্দ্রে নিয়ে যাওয়ার পথে খিলপাড়া ইউনিয়নের ইটপুকুরিয়া এক বাগানবাড়িতে র্ধষণ করে। ধর্ষিতার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ধর্ষক পালিয়ে যায়। এরপর থেকে সে পলাতক ছিলো।

পুলিশ ইলেকট্রিক ডিভাইসে তার অবস্থান শনাক্ত করতে পারায় চাটখিল থানার এসআই শাহ আলম সঙ্গীয় ফোর্সসহ নারায়ণগঞ্জ থেকে ধর্ষক গোলাম সরোয়ারকে গ্রেফতার করেন।

আসামিকে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।