বরগুনার বামনা উপজেলা সদরের পূর্ব সফিপুর গ্রাম থেকে ৪৮ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যার। তার নাম মো: নজরুল ইসলাম (৪২)।
শুক্রবার রাত আটটার দিকে র্যাব-৮-এর সদস্যরা তাকে আটক করেন। আটক নজরুল ইসলাম পূর্ব সফিপুর এলাকার আবুল হাশেম সিকদারের ছেলে।
র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে: কমান্ডার মো: শহিদুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ইয়াবার চালান সংক্রান্ত গোপন তথ্যের ভিত্তিতে নিশ্চিত হয়ে বরগুনার বামনা উপজেলা সদরের পূর্ব সফিপুর গ্রামের নজরুল ইসলাম সিকদারের বাড়ীর রান্নাঘর থেকে ৪৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় ইয়াবা বিক্রেতা নজরুল ইসলামকে আটক করা হয় এবং তার কাছে থাকা একটি মোবাইল ফোন ও সিমকার্ড জব্দ করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আকতারুজ্জামান জানান, আটক হওয়া নজরুল কক্সবাজার মাছের ট্রলারে থাকেন। দেড় মাস যাবত তিনি বাড়িতে রয়েছেন। এই বিপুল পরিমাণ ইয়াবা তিনি হয়তো মিয়ানমার কিংবা টেকনাফ থেকে নিয়ে এসেছেন বলে ধারণা এই ইউপি সদস্যের।
এ বিষয়ে বামনা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো: বশিরুল আলম নয়া দিগন্তকে বলেন, বামনা সদর উপজেলার পূর্বসফিপুর গ্রাম থেকে র্যাব বিপুল পরিমাণ ইয়াবাসহ একজনকে আটক করেছে। তার বিরুদ্ধে বামনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।



