ঘর নেই, সংসারও নেই। অভাগিনী নিঃসন্তান মানিকজান বেওয়া (৬৫)। যৌবনকালে একবার বিয়ে হয়েছিল তার। উচ্চতায় সাড়ে তিন ফিট ও প্রতিবন্ধী হওয়ায় অল্প দিনেই সংসার ভেঙে যায় মানিকজানের। অভাব-অনটন ঘরবাড়িবিহীন জীবন কাটছে তার।
প্রতিবন্ধী মানিকজান রাজশাহীর বাগমারার বাসুপাড়া ইউনিয়নের বালানগর গ্রামের মৃত গোপাল প্রামাণিকের মেয়ে। মায়ের সামান্য বসতভিটা দুই ছেলের নামে লিখে দিয়েছেন। মানিকজান কিছুই পাননি। পিতা-মাতার অবর্তমানে বাধ্য হয়ে বাবার বাড়িতে এসে ভিক্ষা করে জীবন চলছিল তার। অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাবিবুর রহমান বলেন, ভালো করে কথা বলতে পারে না। অভাবে থাকে, তিন মাস পরে ভাতা পায়; তাও মোবাইলে ভাতা দেয়ার কারণে ঠিকমতো টাকা পাচ্ছে না। তার নিজস্ব থাকার কোনো ঘর নেই।
এ ব্যাপারে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান বলেন, মানিকজান বিবি গৃহহীন থাকলে তা তদন্তপূর্বক ঘর করে দেয়ার ব্যবস্থা করা হবে।



