নোয়াখালীর সুবর্ণচরের থানা হাটবাজারে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ২০টি দোকান। ধারণা করা হচ্ছে এতে প্রায় তিন কোটি টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার রাতে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চর বৈশাখী গ্রামের থানা হাটবাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা মুজাহিদুল ইসলাম সোহলে জানান, শনিবার রাতে বাজারের নাছির ট্রেডার্স নামের একটি তেল-গ্যাসের দোকানে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় একে একে পুড়ে ছাই হয়ে যায় থানা হাটবাজারের ২০টি ছোট-বড় দোকান। এ অগ্নিকাণ্ডে প্রায় তিন কোটি টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে টেলিকম, টেইলার্স দোকান, বস্ত্র বিতান, কসমেটিক্স এন্ড গার্মেন্টস, ফার্নিচার শোরুম, ক্রোকারিজ মালামাল, ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স, ফটোকপি, অফিস, মেশিনারি ও পার্টস, টিভি-ফ্রিজ শোরুম, স্টেশনারি তেল-গ্যাস ও ঔষধের দোকান।

সুবর্ণচর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো: দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি আরো বলেন, খবর পেয়ে সুবর্ণচর ও মাইজদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।