নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর বিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টার দিকে রামচন্দ্রপুর বিলের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে আউড়িয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য মাহমুদ শেখ, ভুক্তভোগী এমদাদুল ইসলাম, শাহিন শেখ, মনা মিয়া, আজিবর শরীফসহ অনেকে বক্তব্য রাখেন।
ভুক্তভোগীরা বলেন, নড়াইলের রামচন্দ্রপুর এলাকায় প্রায় ৭০০ মিটার খাল খননের অভাবে এ এলাকার প্রায় ১০০ একর জমি পাঁচ বছর ধরে জলাবদ্ধ হয়ে রয়েছে। এ কারণে বোরো ধানসহ রবিশস্য আবাদ করা যাচ্ছে না। এলাকার ৪০০ পরিবার ক্ষতির মুখে পড়েছে। অথচ মাত্র ৭০০ মিটার খাল সংস্কার করলেই রামচন্দ্রপুর এলাকার জলাবদ্ধতা দূর করা সম্ভব। এতে কৃষক বাঁচবে, ফসল উৎপাদন বাড়বে।
মেম্বার মাহমুদ শেখ বলেন, মাত্র ৭০০ মিটার খাল প্রায় ১৫ বছর ধরে সংস্কার করা হয় না। মাটি ভরাট হয়ে খালটি এখন সরু নালায় পরিণত হয়েছে। এ খাল দিয়ে পানি বের হতে না পারায় রামচন্দ্রপুর বিলের জলাবদ্ধতা কিছুতেই নিরসন হচ্ছে না। ফলে কৃষকরা চরম ক্ষতির মুখে পড়েছেন। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।