নীলফামারীর সৈয়দপুরে দৈনিক নয়া দিগন্ত পরিবারের পক্ষ থেকে স্থানীয় পত্রিকা হকারদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় শহীদ ডা: জিকরুল হক সড়কে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদের সদস্য ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল গফুর সরকার।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সৈয়দপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র জিয়াউল হক জিয়া, ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও জেলা বিএনপির সদস্য সচিব শাহীন আকতার শাহীন, সৈয়দপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোয়ার সরকার, পৌর বিএনপির আহ্বায়ক শেখ বাবলু।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম মিজু বসুনিয়া, ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও বাংলাদেশ প্রেসক্লাবের সৈয়দপুর উপজেলা সভাপতি এরশাদ হোসেন পাপ্পু, জেলা ছাত্রদলের সহসভাপতি দিনার সরকার প্রমুখ।
নয়া দিগন্ত পত্রিকার সৈয়দপুর সংবাদদাতা মো: জাকির হোসেনের আয়োজনে ২০ জন হকারের মাঝে কম্বল বিতরণ করা হয়। এতে সহযোগিতা করেন সাংবাদিক শাহজাহান আলী মনন। এ সময় সকলকে মাস্ক প্রদান করা হয়েছে।
প্রধান অতিথি সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল গফুর সরকার বলেন, দেশে অসংখ্য পত্রিকা রয়েছে। এর মধ্যে প্রথম শ্রেণির পত্রিকা হিসেবে দৈনিক নয়া দিগন্তের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রকাশে অনন্য গণমাধ্যম এটি।
চলমান গড্ডালিকা প্রবাহে গা না ভাসিয়ে সংবাদপত্রের মূল দায়িত্ব পালনে এ পত্রিকা পরিবার দৃঢ় মনোবল নিয়ে অনড়। এজন্যে এটি সকল প্রতিকূলতা ডিঙ্গিয়েও নিজ অবস্থানে থেকে গণমানুষের মিডিয়ায় পরিণত হয়েছে।
তিনি বলেন, শীতবস্ত্র বিতরণের ফলে শীর্তাত দরিদ্র মানুষেরা একটু হলেও উপকৃত হবে। এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান তিনি।



