পানির মূল্য তিনগুণ বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ নামে একটি সংগঠন। একইসাথে পানির দাম পুনঃনির্ধারণ না করা হলে রাজশাহী ওয়াসার বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরের দিকে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি থেকে বক্তারা এ হুঁশিয়ারি দিয়েছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কোনো ধরনের গণশুনানি ছাড়াই রাজশাহী ওয়াসা পানির দাম তিনগুণ বাড়িয়েছে। গত ১ ফেব্রুয়ারি থেকে তাদের বেঁধে দেয়া নতুন দাম কার্যকর হয়েছে। কিন্তু, সম্প্রতি এক প্রতিবেদনে ওয়াসার সরবরাহ করা পানিতে মানুষের মল বা কলিফম ব্যাকটেরিয়া পাওয়ার কথা প্রকাশিত হয়েছে। এছাড়া ওয়াসার সরবরাহ করা পানি নোংরা, দূষিত ও পানের অযোগ্য। এ কারণে টাকা দিয়ে পানি কিনেও তা পান করতে পারছে না সাধারণ মানুষ। অনেক গরীব মানুষ ওয়াসার পানি পান করছেন বাধ্য হয়ে। এতে ডায়রিয়া ও আমাশয় ও চর্মরোগসহ নানা পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই। এমন কি তীব্র আয়রনের কারণে কাপড় ধোয়া ও ঘরগৃহস্থালির কাজ করা অসম্ভব হয়ে গেছে। কিন্তু, পানির গুণগত মান বৃদ্ধি না করেই ওয়াসা দাম বাড়িয়েছে। এতে সাধারণ মানুষ ক্ষুব্ধ। কিন্তু, এ দিকে কোনো ভ্রুক্ষেপ নেই ওয়াসার।
বক্তারা আরো বলেন, পানি বিশুদ্ধকরণের নামে বিভিন্ন সময়ে কোটি কোটি টাকা খরচ করে প্রকল্প বাস্তবায়ন করা হলেও তা মুখথুবড়ে পড়েছে। ফলে পুরাতন পদ্ধতিতেই পানি সরবরাহ করা হচ্ছে। রাজশাহী ওয়াসা পানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত জনগণের ওপর চাপিয়ে দিয়েছে। করোনাকালীন সময়ে এটা আত্মঘাতী সিদ্ধান্ত। জনগণের স্বার্থে ভর্তুকি দিয়ে সুপেয় পানি সরবরাহে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা। অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার করে রাজশাহীর গণমানুষের আয়ের সাথে সংগতি রেখে গণশুনানির মাধ্যমে পানির দাম পুনঃনির্ধারণে ওয়াসার প্রতি আহবান জানান তারা। অন্যথায় কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন কলামিস্ট প্রশান্ত কুমার সাহা, অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু, মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি আব্দুল মতিন, এফএফ ফাউন্ডেশনের সভাপতি আলতাফ হোসেন প্রমুখ।






