নওগাঁর মান্দায় ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার বেলা ১২টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের মান্দা উপজেলার সাতবাড়িয়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই দু’জন নিহত হন।
নিহতরা হলেন - মহাদেবপুর উপজেলার তাঁতারপুর গ্রামের পুণাই সরকারের ছেলে মোটরসাইকেলের চালক পিনাকী সরকার (৩২) ও দড়িয়াপুর গ্রামের মৃত খলিল উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (৩৭)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১২টার দিকে দুই মোটরসাইকেল আরোহী রাজশাহীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে সাতবাড়িয়া মোড়ে পৌঁছালে সাবাইহাট থেকে ছেড়ে আসা একটি ভটভটির সাথে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা মোটরসাইকেল থেকে সড়কের ওপর ছিটকে পড়েন এবং মাথায় সজোরে আঘাতের কারণে ঘটনাস্থলেই নিহত হন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান শাহিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ভটভটি চালক ঘটনার পরই পালিয়ে যান। এজন্য তাকে আটক করা যায়নি, তবে ভটভটিটি জব্দ করা হয়েছে। নিহতদের পরিবারকে খবর দেয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে।



