গ্রাম্য দলাদলিকে কেন্দ্র করে মাদারীপুরের কালকিনি উপজেলা কৃষকলীগ নেতা মানিক সরদারকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাতে আলীনগর এলাকার ফাসিয়াতলা ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। নিহত মানিক সরদার আলীনগর এলাকার আলমগীর সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলে মানিক সরদার বাড়িতে যাওয়ার সময় পথিমধ্যে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপরে হামলা চালায়। এ সময় তাকে কুপিয়ে ফেলে রেখে হামলাকারীরা পালিয়ে গেলে স্থানীয়রা তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে কালকিনি উপজেলা কৃষক লীগ।